জুভেন্তাসে থাকছেন না অ্যালেগ্রি

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫২

স্পোর্টস ডেস্ক

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি আগামী মৌসুমে জুভেন্তাসের কোচের দায়িত্বে থাকবেন না। ইতালি চ্যাম্পিয়নরা এ ঘোষণা দিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে বিদায় নেয়ার পর থেকেই তার এ দায়িত্বে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কেননা ইউরোপের ক্লাব সেরাদের এই প্রতিযোগিতায় জুভেন্তাস ছিল অন্যতম ফেবারিট।

বিশেষ করে মৌসুমের শুরুতে এ লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছিল ইতালির ক্লাবটি। বলা হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রোনালদো মূল উপাদান হিসেবে কাজ করবে। আগের মৌসুমে ইতালি চ্যাম্পিয়নরা মহাদেশীয় এ প্রতিযোগিতায় ফাইনালে উঠলেও রোনালদোর রিয়ালের কাছেই পরাস্ত হয়েছিল।

এবার আয়াক্সের কাছে হারে তাদের চ্যালেঞ্জটি আগাম শেষ হয়ে যায়। এতে করে সমর্থকদের একটা অংশ কোচ অ্যালেগ্রির কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেন। যদিও এই অ্যালেগ্রিই জুভেন্তাসকে টানা আটবার সিরি আ জিতিয়েছেন।

সর্বশেষ ক্লাব সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলির সাথে এ সপ্তাহে অ্যালেগ্রির বৈঠকের কথা জানাজানি হওয়ার পরই পরিষ্কার হয়ে যায় পরিবর্তন অত্যাসন্ন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার জুভেন্তাস ঘোষণা দেয় তারা নতুন কোচ খুঁজবে। আজ শনিবার সংবাদ সম্মেলনে ক্লাবটির সভাপতি ও  অ্যালেগ্রি গণমাধ্যমের মুখোমুখি হবেন।

এদিকে ইতালিরই আরেক ক্লাব নেপোলির সভাপতি অরেলিও ডি লরেনটিস মন্তব্য করেছেন জুভেন্তাসে অ্যালেগ্রি নয় রোনালদোই হলেন কোচ। উল্টা পাল্টা কথা বার্তা বলার জন্য পরিচিত এই ইতালিয়ান চলচ্চিত্র নির্মাতা মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো শক্তিশালী। তার উপস্থিতি দিয়েই সে এটা প্রমাণ করেছে। এই মৌসুমে অ্যালেগ্রির করার কি আছে?

রোনালদোর জন্য ইতালিতে তার প্রথম মৌসুমটি সফল হয়েছে। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা লিগ শিরোপা জিতেছেন। যদিও চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই পর্তুগীজ তার প্রিয় টুর্নামেন্ট থেকে আগাম উত্খাত হয়েছেন। —ফক্সস্পোর্টসএশিয়া