পেপ গার্দিওলা জানিয়েছেন তিনি ম্যানচেষ্টার সিটি ছেড়ে জুভেন্তাসের কোচ হতে আগ্রহী নন। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি আগামী মৌসুমে জুভেন্তাসে থাকছেন না, এমন ঘোষণার পর গার্দিওলা এ মন্তব্য করেন। ইতালি চ্যাম্পিয়নরা চলতি মৌসুম শেষে অ্যালেগ্রির সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় গতকাল শুক্রবার। এরপর সম্ভাব্য কোচের তালিকায় গার্দিওলার নামও উঠে আসে। কিন্তু ৪৮ বছরের এই স্প্যানিশ গতকাল এফএ কাপের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখানেই সন্তুষ্ট। আমি কোথাও যাচ্ছি না। আগামী মৌসুমেও আমি সিটিতে থাকবো। আমি এটা অনেকবার বলেছি।’ আজ শনিবার ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে এ ফাইনালে মুখোমুখি হবে সিটি। এফএ কাপ জিতলে সিটি প্রথম ইংলিশ দল হিসেবে একই মৌসুমে ঘরোয়া সবকটি ট্রফি তুলে নেয়ার কৃতিত্ব দেখাবে।
