গল্প নয় সত্যি

আইপ্যাডের বদলে কাগজ!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২০:২১
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরও একটি লাইভ বুলেটিন। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি নিউজের এই লাইভ বুলেটিনটি পড়বার জন্য প্রস্তুত সংবাদপাঠক সিমন ম্যাককয়ও। রিপোর্টের বিষয় ক্রমবর্ধমান মাদক সমস্যা ও ‘ড্রাঙ্ক ট্যাংক’। কথা ছিল রিপোর্টটির শুরুটা সিমন করবেন হাতে একটি আইপ্যাড নিয়ে। কিন্তু সরাসরি সম্প্রচারিত এই বুলেটিনের শুরুতেই বিবিসি নিউজের দর্শকরা দেখলেন ভিন্ন দৃশ্য। আইপ্যাড নয়, বরং এফোর সাইজের এক প্যাকেট কাগজ নিয়েই রিপোর্ট উপস্থাপন করছেন ম্যাককয়। আসলে শেষ মুহূর্তের ব্যস্ততায় মনের ভুলে আইপ্যাডের পরিবর্তে পাশে থাকা এফোর কাগজের প্যাকেটটিকেই তুলে নিয়েছিলেন সিমন ম্যাককয়। হয়তো রিপোর্ট শুরু করার সাথে সাথে বিষয়টি ধরতেও পেরেছিলেন তিনি। কিন্তু লাইভ বুলেটিন বলে কথা। এখানে চাইলেই চট করে ক্যামেরার সামনে থেকে সরে যেয়ে নিজের ভুলটা শুধরে নেওয়া সম্ভব হয় না। আর তাই এভাবে কাগজের প্যাকেট ধরে থাকা অবস্থানেই প্রায় ত্রিশ সেকেন্ডের সূচনাটুকু পড়তে থাকেন ম্যাককয়। এদিকে এই ঘটনার বহু দূরে যারা সে সময় টিভিতে বসেই দেখছিলেন বিবিসি নিউজ তাদের তখন অবাক হওয়ার পালা। কেননা নানা সময়ে সংবাদ উপস্থাপকেরা তাদের সংবাদ সূচনা পড়ার সময় নানা ধরনের প্রযুক্তির সাহায্য নিলেও কাউকে কখনো এভাবে কাগজের প্যাকেট হাতে নিয়ে সংবাদ পড়তে দেখাটা ছিল একেবারেই ভিন্নতর অভিজ্ঞতা। আর তাই সংবাদ পাঠের মজার এই ভিডিওটিও বেশ দ্রুতই ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবিসির একজন মুখপাত্র জানান, সেদিন সংবাদ পরিবেশনের প্রস্তুতির সময় ৫১ বছর বয়সী সিমনের আইপ্যাডের পাশে রাখা এক প্যাকেট কাগজই নেপথ্যের খলনায়ক। লাইভ বুলেটিনের সময় এমনিতেই প্রস্তুতির জন্য খুব অল্প সময় থাকে এবং সরাসরি সম্প্রচারের মধ্যে তা থামানোও যায় না। আর এ কারণেই নিজের ভুলটি বুঝতে পারার পরও সেটিকে দারুণভাবে সামলে নিয়ে খবর পরিবেশন চালিয়ে যান অভিজ্ঞ সিমন ম্যাককয়।