জেমির আসা নিয়ে আবারো সংশয়

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল আজ শনিবার জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় ফিরবেন। কিন্তু গতকাল এ ব্যাপারে খোঁজ নিতে গেলে কিছু জানা যায়নি। বাফুফের কারো কাছ থেকেও তথ্য মেলেনি।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বর্তমানে দেশের বাইরে। বাফুফের কোনো সূত্রই খবর দিতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে, কোচ আজ ঢাকায় আসছেন না। কেন আসছেন না তাও জানা যায়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমি এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ঢাকা থেকে সংবাদমাধ্যম জেমির কাছে জানতে চেয়েছিল তিনি কবে আসছেন। সে কথার জবাবে জেমি বলেছেন এটা বাফুফের উপর নির্ভর করছে। বাফুফে যখন চুক্তি করবে তখনই আসবেন তিনি।

কয়েকদিন আগে বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ জানিয়েছিলেন সবকিছু ঠিকঠাক আছে। শুধু বলেছিলেন খুব শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে। তবে গুঞ্জন আছে ৬ এবং ১১ জুন লাওসের বিপক্ষে এএফসি কাপ এবং কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের খেলা রয়েছে। বাংলাদেশ এই দুই খেলা অতিক্রম করতে পারলে আরো ৮ ম্যাচ পাবে। হেরে বিদায় নিলে জাতীয় দলের আর কোনো খেলা থাকবে না। সে ক্ষেত্রে ১১ জুনের পর চুক্তি করতে পারে বাফুফে।