নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র ৯ বছরের শিশু রমজান শিকদার হত্যাকাণ্ডে সম্পৃক্ত ও খুনের দায় স্বীকার করা খুনিদের ফাঁসি দাবি করা হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকাবাসী ও রমজানের স্কুল ৯০ নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এ দাবি করে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত রমজানের বড় ভাই মাসুম শিকদার, বোন মিতু, চাচা আলামিন, কাইউম, এলাকার মমিন শিকদার, নূরে আলম প্রধান প্রমুখ। গত ৭ সেপ্টেম্বর রমজানকে অপহরণ করে শেরপুর নিয়ে যাওয়া হয়। রমজান কান্নাকাটি শুরু করলে ধরা পড়ার ভয়ে রিপন, হামিদুল ও রিপনের মামাতো বোন আফরোজা ছেলেটিকে শ্বাসরোধে হত্যা করে। রমজান হত্যা মামলায় ৬ জনকে আসামি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিদের ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং রমজানকে অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে আফরোজাকে দায়ী করে। পরে আফরোজা গ্রেপ্তারের পর সেও হত্যার দায় স্বীকার করেছিল।
সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার মাত্র ৫০ গজ দূরে রবিবার দুপুরে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী ফতুল্লা বাজারে এ ঘটনা ঘটায়। ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার দূরত্ব মাত্র ৫০ গজ।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সিফাত আল মোক্তার আমীর সুপার মার্কেটে ভোজ্য তেলের ব্যবসা প্রতিষ্ঠান এস মোহাম্মদ ট্রেডিং এর মালিক।
সিফাত জানান, রবিবার দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান হতে ১২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে কর্মচারী জুলহাসকে সঙ্গে করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ফতুল্লা বাজারের মাঝামাঝি আসার পর ৬ যুবক পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রবাসীর বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই বাড়ি থেকে লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। রবিবার ভোরে ফতুল্লার ইসদাইর পিলখানা রোডে আমেরিকা প্রবাসী ফারুক আল আসাদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ফারুক আল আসাদ জানান, তার বাবা আজিজুল হক অধুনালুপ্ত আদমজী জুট মিলের সাবেক কর্মকর্তা। গতকাল ভোর ৪টার দিকে ৮-১০ জনের মুখোশপরা ডাকাত দল দরজা ভেঙ্গে ফ্ল্যাটে প্রবেশ করে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ১ লাখ টাকা সমমূল্যের ১ হাজার ইউরো, ২৩ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বিষয়টির তদন্ত চলছে।
