ঢাকায় টিএফআই সেলে হুজির প্রশিক্ষক মশিউর জানিয়েছেন, কারাগারে আটক হুজির সেকেন্ড ইন কমান্ড মাওলানা আব্দুর রউফের সাথে তার সম্পর্ক রয়েছে। তার নির্দেশেই মশিউর বান্দরবান, যশোর, ভোলা ও ঝালকাঠিতে প্রশিক্ষকের কাজ করেন। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান শনিবার এ কথা জানান।
গত ১৩ আগষ্ট দিবাগত রাতে নলছিটিতে দেশীয় অস্ত্র ও গ্রেনেড এবং জিহাদী বইসহ গ্রেফতার হন হুজির এই প্রশিক্ষক। এসময় তার সাথে হুজির ৯ সহযোগী গ্রেফতার হয়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রশিক্ষক মশিউর রহমানকে আটক করার পর দুইটি মামলা দায়ের করা হয়। একটি অস্ত্র ও বিস্ফোরক আইনে অপরটি সন্ত্রাস দমন আইনে। এ দুই মামলার তদন্ত কর্মকর্তা মাসুদুজ্জামান।
