চকরিয়ায় স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেছে এক গৃহবধূর শরীর। এতে ওই গৃহবধূর শরীরের নিচের অংশ দগ্ধ হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মর্জিনা বেগমকে (৩০) রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূ মর্জিনা চার সন্তানের জননী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকরিয়ার মধ্যম সুরাজপুর এলাকার আদুল মজিদ (৩৫) দুই বছর আগে একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলখানায় ছিল। বছরখানেক আগে জেল থেকে ছাড়া পেয়ে আবারও একটি মারধরের মামলায় জেলে যায়। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়। গত শুক্রবার গভীর রাতে সে ৩ বন্ধু ও এক তরুণীসহ বাড়িতে আসে। এ সময় স্ত্রী মর্জিনা বেগম স্বামীর অবৈধ কর্মকাণ্ডে বাধা দিলে স্বামী ছাড়া বাকিরা চলে যায়। কিন্তু ভোরে ঘুমন্ত স্ত্রীকে এসিড নিক্ষেপ করে পাষণ্ড স্বামী আবদুল মজিদ পালিয়ে যায়।