শাহজাদপুরে অপহরণ নাটক করতে গিয়ে বন্ধুসহ গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
বাড়ি বিক্রির ভাগের টাকা না পেয়ে শাহজাদপুরে অপহরণ নাটক সাজিয়ে পিতার কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করতে গিয়ে জুয়াড়ু পুত্র সাইফুল ইসলাম রানা ও তার বন্ধু শামীম পুলিশের হাতে ধরা পড়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান- উপজেলার শেরখালী গ্রামের হাজী আনছার আলীর পুত্র রানা একজন ভবঘুরে। সে জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। রানা শাহজাদপুরে একটি ভাড়া বাসায় একপুত্র ও স্ত্রী নিয়ে বসবাস করে। এ বাসা থেকেই গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বের হয়ে আর বাসায় ফিরে না আসলে স্ত্রী লাবনী অন্যদের বিষয়টি জানান। পরদিন একটি মোবাইল ফোন থেকে পুলিশকে জানানো হয় রানাকে অপহরণ করা হয়েছে। সে এখন তাদের হাতে বন্দি। ৫ লাখ টাকা দেয়া না হলে তাকে হত্যা করা হবে। এ ব্যাপারে রানার পিতা শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ যে মোবাইল থেকে মুক্তিপণের টাকা দাবি করা হয় তার সন্ধান করতে থাকে। একপর্যায়ে পুলিশ আধুনিক প্রযুক্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে গত ২১ সেপ্টেম্বর শনিবার রাতে রানার বন্ধু শামীমকে শাহজাদপুর থেকে আটক করে। শামীম পুলিশকে জানায়, বন্ধু সাইফুল ইসলাম রানার কথামতো রানাকে লুকিয়ে রেখে অপহরণ নাটক সাজানো হয়েছে। তাকে বেলকুচি উপজেলায় লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ শনিবার রাতে বেলকুচির একটি সিনেমা হল থেকে আটক করে তাদের শাহজাদপুর থানায় নিয়ে আসে। গতকাল রবিবার এদের দু’জনকে সিরাজগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়।