পঞ্চগড়ের বোদায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক কলেজ ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করেছে দাইমুল নামের এক বখাটে সিএনজি চালক। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলা সদরের মেডিক্যাল মোড় এলাকায়। এ ঘটনায় বোদা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুন গ্রামের কলেজ ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাকে সিএনজিতে তুলে অপহরণ করার চেষ্টা করে। এসময় তার চিত্কারে উপস্থিত জনতা এগিয়ে আসলে অপহরণকারি দুর্বৃত্তরা সিএনজি ফেলে পালিয়ে যায়। বোদা থানা পুলিশ সিএনজিটি জব্দ করে থানার হেফাজতে রেখেছে। উল্লেখ্য কলেজে আসার পথে ওই সিএনজি চালক প্রায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। বোদা থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন বলেন, মেয়ের পিতা থানায় অভিযোগ করেছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
