সরাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল হকের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেছেন ১১ ইউপি সদস্য। অনাস্থা দেয়ার দশদিন পর ১৪ সেপ্টেম্বর সালিশ বৈঠকের মাধ্যমে ওই প্রস্তাব প্রত্যাহার করা হয়।
ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবরোধ পণ্ড
ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকার গঠিত দু’টি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নসহ দু’দফা দাবি আদায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে গিয়ে তাদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করার কথা ছিল। পুলিশি বাধায় তারা প্রেসক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে।
নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি\ ২০১৫ সাল থেকে নির্দেশিত মাধ্যমিক পরীক্ষায় গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল রবিবার জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শহরের কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোয়াখালী জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, আলফারুক একাডেমি ও হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়সহ শহরের ৮-১০টি বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী প্রথমে শহরে বিক্ষোভ মিছিল করে।
ধোবাউড়ায় অন্তরঙ্গ নারী সংলাপ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল রবিবার ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক নারীর অংশগ্রহণে “আপনারা আছেন কেমন”? অন্তরঙ্গ নারী সংলাপ অনুষ্ঠিত হয়। নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ, আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মছিরুননেছা।
সুজানগরে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনা সুজানগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের সভাকক্ষে গতকাল রবিবার অপ্রধান শস্য উত্পাদন ও সংরক্ষণের উপর ৫ দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসিসিএর চেয়ারম্যান একিউএম শামসুজ্জোহা বুলবুল।
জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুরে এসএসসি, এইচএসসি, আলিম ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ইয়থ ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এম এ মান্নান। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন।
বাঞ্ছারামপুরে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম (আশরাফ) মিলনায়তনে শনিবার বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি ২০১২ ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা ২০১৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম । বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সাইদ আহমেদ বাবু ।
আদমদীঘিতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে শনিবারে বগুড়া আদমদীঘিতে উপজেলার সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হার্ভে স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আবু হোরাইরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষা নিয়ন্ত্রক ফরিদ হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হোসনে আরা আরজু।
নন্দীগ্রাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি রবিন নেওয়াজ খান রবিন ও সা.সম্পাদক মোস্তাক আলী রেজা স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস সমিতির নন্দীগ্রাম শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে ইউনুস আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সা. কামাল হোসেন, সাংগঠনিক ডা.বুলু মিয়া প্রমুখ।
শেরপুরে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
শেরপুর প্রতিনিধি \ শেরপুর সরকারি কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।
দীঘিনালায় বিএনপির কর্মী সম্মেলন
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা \ দীঘিনালায় মাইনী রিসোর্স সেন্টার প্রাঙ্গণে গতকাল রবিবার বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহমান। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী খাগড়াছড়ি জেলা শাখার যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়া।
কুমিল্লায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সড়ক অবরোধ
কুমিল্লা প্রতিনিধি \ ২ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি সড়ক অবরোধ করে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এ অবরোধ করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন-ভাতা বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা অবিলম্বে বাস্তবায়ন করা এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানের দাবিতে তারা কোটবাড়ি সড়কে অবরোধ করে।
পূর্বধলায় শারীরিক শিক্ষাবিদ সমিতির কমিটি
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের নিয়ে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা সদরের পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় হারিছ উদ্দিনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মো. কামরুজ্জামান নাঈমকে সভাপতি ও হীরা মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।
আক্কেলপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটের আক্কেলপুরে এম এল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খুন, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ ৩ ডজন মামলার আসামি আন্তঃজেলা শীর্ষ সন্ত্রাসী আরমানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় আহত হয়েছে আক্কেলপুর থানার এসআই এনামুল। রবিবার আক্কেলপুরের পূর্ণ গোপিনাথপুর এলাকা থেকে আক্কেলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
সাতকানিয়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ শনিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টাইম ক্যাফে রেস্টুরেন্ট মিলনায়তনে আসন্ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচন ২০১৩ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আগামীতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার আবু তাহের এলএমজি। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব। কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত পাল বিষ্ণুর সভাপতিত্বে ও সুব্রত কর আপনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি প্রণয় দত্ত।
সৈয়দপুরে চোরাই রেললাইন উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ চোরাই রেললাইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাসংলগ্ন গেট বাজার এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টার থেকে ওই রেললাইনগুলো উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে রেললাইন কাটার কাজে ব্যবহূত দুটি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম ও বহনের দুটি রিকশাভ্যানও উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টি ও বাসদের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ও বাসদের গাইবান্ধা জেলা কমিটির যৌথ উদ্যোগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। লুটপাট, সন্ত্রাস, দখলদারিত্ব, কালো টাকার প্রভাব থেকে নির্বাচন ও দেশের মানুষকে বাঁচাতে দেশব্যাপী এই দাবি দিবসের ডাক দেয় সিপিবি-বাসদ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী।
