বিশ্বজিত্ হত্যা মামলার আলামত ট্রাইব্যুনালে উপস্থাপন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
বিশ্বজিত্ দাস হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মাহবুবুল আলমের জেরা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলাকালে তিনি বিশ্বজিতের রক্তমাখা প্যান্ট, জুতা ও চাপাতি আলামত হিসাবে আদালতে উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত বিশ্বজিত্ হত্যা দৃশ্যের জব্দকৃত ভিডিও ও সিডি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মাহবুবুল আলমের জবানবন্দি গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ ও জেরা চলে। অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, এসআই মাহবুবুল আলম ঘটনার দিন ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম মামলাটি তদন্ত করেন। তিনি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছেন। মাহবুবুল আলমের সাক্ষ্য গ্রহণ শেষে তাজুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হবে। গতকাল সাক্ষ্য গ্রহণকালে মামলার আসামি ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম ও রাজন তালুকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অপর ১৩ আসামি এখনও পলাতক রয়েছেন। গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে নিরীহ দর্জি বিশ্বজিত্ দাসকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওই ক্যাডারদের নাম উল্লেখ করে মামলা করে তার পরিবার।