রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে পুলিশ লাশটি মর্গে পাঠায়। বাসটি আটক করা হলেও চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভবন থেকে নিচে পড়ে ইকরামুল হোসেন ইমরুল (৪০) নামে গার্মেন্টসের কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ অজ্ঞাত (৩৮) অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মা সুফিয়া এন্টারপ্রাইজের ঢাকা-মেট্রো-ব-১১-০৪৯৩ বাসটি সকালের দিকে খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশের রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসটি রাস্তার ওপর পার্কিং করা দেখে পুলিশ বাসটির চালক ও হেলপারকে খুঁজতে থাকে। কিন্তু অনেক সময় পরেও বাসের কোন স্টাফের দেখা মেলেনি। তখন পুলিশ বাসটিতে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে বাসের ছাদ থেকে ঐ হতভাগ্য যুবকের লাশ উদ্ধার করে। লাশটি একটি কাঁথা দিয়ে প্যাঁচানো ছিলো। লাশের বিভিন্নস্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পরনে ছিলো লাল রংয়ের গেঞ্জি ও চেক লুঙ্গি। পুলিশ জানায়, বাসটি ঢাকা-গাইবান্ধা রুটে চলাচল করে। সকালে বাসটি যাত্রী নিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী নামিয়ে দিয়ে খিলগাঁওয়ে এসে পার্কিং করে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তারা ঐ যুবককে অন্য কোথাও হত্যার পরে লাশটি গুম করার চেষ্টা করেছিলো। এ হত্যাকাণ্ডের সঙ্গে বাসের চালক ও হেলপার জড়িত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মালিককে খোঁজ করছে।
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় ৭ তলা গার্মেন্টস ভবনের ওপর থেকে পড়ে কেয়ারটেকার ইকরামুল হোসেন ইমরুলের মৃত্যু হয়েছে। ৬৯/বি/১ নম্বর মালিবাগ চৌধুরীপাড়ার ৭ তলা ভবনটিতে ‘লিলি এ্যাপারেলস’ নামে একটি গার্মেন্টস রয়েছে। ইমরুল অনেকদিন ধরে ওই গার্মেন্টসে কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলো। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে তিনি ৭ তলায় কাজ করছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
রাজধানীর শাহআলী থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল সকালের দিকে স্থানীয় লোকজন বেড়িবাঁধ সংলগ্ন ‘মনপুরা রেষ্টুরেন্টে’র কাছে একটি গাছে ঐ ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ লাশ মর্গে পাঠায়।
