সর্বোচ্চ সংযমের পরেও নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫৬

রয়টার্স

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরান সর্বোচ্চ ধৈর্য ও সংযম দেখিয়েছে। ইরান এখনও পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের এ সংক্রান্ত রিপোর্টই তার প্রামাণ্য দলিল। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কানো’র সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান সর্বোচ্চ সংযম প্রদর্শনের পরও ইরানি জনগণের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি আমেরিকা যেভাবে উত্তেজনার পারদ উসকে দিচ্ছে সেটি অগ্রহণযোগ্য এবং অনাকাঙ্ক্ষিত।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারে কানো মধ্যপ্রাচ্যের চলমান টালমাটাল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উত্তেজনা কমানোর পাশাপাশি বিদ্যমান ইস্যুগুলোর সমাধানের জন্য কোনো প্রচেষ্টাই বাদ দেবেন না বলে জানান তিনি। তারে কানো বলেন, পরমাণু সমঝোতা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দাবি ইরান সেটি বাস্তবায়ন করবে।

 বৈঠকের পর জাওয়াদ জারিফ বলেন, তিনি তার জাপানি সমকক্ষের কাছে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। একইসঙ্গে আমেরিকার যুদ্ধংদেহী মনোভাবের কথা বলেছেন। তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে এটা নিশ্চিত করেছেন যে, ইরান কোনো সংঘাতে জড়াতে চায় না। তবে জোরালোভাবে নিজের স্বার্থ সংরক্ষণে তেহরান প্রস্তুত রয়েছে।