বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো তার দলের নৈপুণ্যে সন্তুষ্ট। বিশেষ করে রায়ো ভালকানোর মাঠে ৪-০ গোলের জয়ে দলটি দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছে।
পেড্রোর হ্যাট্রিক ও সেসক ফেব্রেগাসের গোলে কাতালান দলটি স্পেনের লা লিগায় শিরোপা ধরে রাখার প্রয়াসে নিজেদের বর্তমান শীর্ষস্থান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত দলটি পাঁচ খেলায় অংশ নিয়ে সবকটি খেলাতেই জয় পেয়েছে। জয়টির পরই আর্জেন্টাইন এই কোচ বিরতির পরের খেলা নিয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেন।
মার্টিনো বলেন, ‘আমি দলের দ্বিতীয়ার্ধের খেলা সত্যি পছন্দ করেছি। আমাদের রক্ষণভাগের কোন ভূল হয়নি এবং আয়াক্সের বিরুদ্ধে খেলাটির মতোই আমরা ক্রমশই উন্নতি করছি। আমাদের অনেক গোল করার ক্ষমতা আছে।’
ইউরোপে প্রথমবারের মতো কোচিং করাতে আসা মার্টিনো অবশ্য দৃঢ়চেতা রায়োর দলটিরও প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘রায়োর দৃষ্টিভঙ্গী ছিল খুবই দৃঢ়তাপূর্ণ। তবে আমরা দ্বিতীয়ার্ধে অনেক ভাল খেলি। তারা আমাদের এমন চাপে রেখেছিল যে ছোট ছোট পাসে খেলা কঠিন ছিল। তাই আমাদের সামনে বিকল্প ছিল লম্বা পাসে খেলা এবং কখনো কখনো আপনাকে এটা করতে হবে। বিশেষ করে এই ধরনের খেলায়, যখন আপনাকে মাঠের অপর প্রান্তে পৌঁছাতে হবে।’
যদিও খেলায় বলের দখল স্বাগতিকদের কাছেই ছিল বেশি। তারা ৫১ ভাগ সময় বল নিজেদের পায়ে রাখতে সক্ষম হয়। বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে ছিল ৪৯ ভাগ সময়। মার্কাডটকম জানাচ্ছে পাঁচ বছরের মধ্যে এটি হলো বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে কম সময় বল থাকার প্রথম ঘটনা। প্রথমার্ধের খেলায় বার্সেলোনা কোণঠাসাই ছিল। কিন্তু গোলরক্ষক ভিক্টর ভালদেজের দৃঢ়তায় জালের দেখা পায়নি ভালকানোর ফরোয়ার্ডরা।
মূলত মেসির জোগান থেকেই প্রথম গোল পায় লা লিগা চ্যাম্পিয়নরা। খেলার ধারার বিপরীতে ৩৩ মিনিটে পেড্রো মেসির নিচু হয়ে আসা ক্রসকে নিখুঁতভাবে জালে পাঠান।
মেসির এটি ছিল স্পানিশ লিগে ২৫০তম খেলা। বিরতির পর পেড্রো একইভাবে আরো দু’বার গোল জালে পাঠিয়ে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। মূলত খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে এ হ্যাট্রিকটির সুবাদে কোচ মার্টিনোর দল জয় নিশ্চিত করে ফেলে। সে দুটি গোলের জোগানদাতা ছিলেন ফেব্রেগাস ও ব্রাজিলীয় নেইমার। এরপর আর্সেনালের সাবেক খেলোয়াড় ফেব্রেগাস নিজেই দলের চতুর্থ গোলটি করেন। তখন খেলা অন্তিম সময়ে।
