দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট একাদশের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার লিজেল্লি লি’র ৭১ এবং মেগনন ডু প্রেজের হার না মানা সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ মহিলা দলকে ২৩৮ রানের বড়ো লক্ষ্য নির্ধারণ করে দেয় দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানারা আলম, ফাহমিদা খাতুন এবং রুমানা আহমেদ প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট একাদশের ইনিংস। বাংলাদেশ দলের অধিনায়ক সর্বোচ্চ ৩৬ রান সংগ্রহ করেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ড্যান ভ্যান নেইকার্ক এবং সানেট্টি লৌসার তিনটি করে উইকেট শিকার করেন।
