তাইওয়ানে বৈধতা পেল সমকামি বিয়ে

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৫৬

বিবিসি, রয়টার্স

তাইওয়ানের পার্লামেন্ট সমলিঙ্গের বিয়েতে বৈধতা দিয়েছে। এশিয়ার প্রথম দেশ হিসাবে এই প্রথম এ ধরনের বিয়ের বৈধতা দেওয়া হলো। শুক্রবার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল ৬৬-২৭ ভোটে গৃহীত হয়। এর আগে ২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালতও রায় দিয়েছিলো যে সমলিঙ্গের বিয়ে করার আইনী অধিকার রয়েছে। সে সময়ই পার্লামেন্টকে দুই বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। আগামী ২৪ মে সেই সময়সীমার শেষ দিন ছিলো। আইনপ্রণেতারা এদিন সমকামীদের বিয়ের বৈধতা দিতে তিনটি আলাদা বিল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর একটি বিলে সম্মত হয়ে আইন পাস হয়। বাকি দুটি বিলে সমলিঙ্গ বিয়ের চেয়ে পারিবারিক সম্পর্ক বা ইউনিয়ন বেশি মনে হচ্ছিলো বলে জানান আইনপ্রণেতারা। তাদের দাবি, বিয়ের ব্যাপারটি স্পষ্ট ছিলো না সেখানে। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে রাজধানী তাইপের পার্লামেন্ট ভবনের বাইরে শত শত সমকামী ও মানবাধিকার কর্মীরা জড়ো হন। এসময় তারা নিজেদের আনন্দ-উল্লাস প্রকাশ করেন এবং একে অপরকে জড়িয়ে ধরে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

পার্লামেন্টে এই বিলটি পাস হওয়ার পর এদিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা একে তাদের জন্য এক ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, এটি এলজিবিটিদের জন্য একটা বিরাট বিজয়। আমরা অবশ্যই এ বিজয়ে আমাদের উচ্ছ্বাস প্রকাশ করছি। তিনি বলেন, এর মাধ্যমে তাইওয়ান সরকার এলজিবিটিদের জন্য সম-অধিকারের বিষয়টি নিশ্চিত করলো।