বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপে গতকাল দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় নিয়াজ একসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে এবং জিয়া একসেস গ্রুপের ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়েছেন। নিয়াজ কালো ঘুঁটি নিয়ে বোগো ইন্ডিয়ান পদ্ধতিতে খেলে ৩৮ চালে পরাগকে হারান। জিয়া সাদা ঘুঁটি নিয়ে ট্রম্পোস্কি এ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জাবেদের বিরুদ্ধে জিতেছেন। দুরন্ত রাজশাহীর দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবের মধ্যকার সিসিলিয়ান ডিফেন্সের নাজডর্ফ পদ্ধতির খেলাটি ৮ চালের মাথায় ড্র হয়। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদ পূর্ণ দুই পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। শফিক দ্বিতীয় রাউন্ডের ঢাকা সিটির মোহাম্মদ হাফিজুল ইসলাম চপলকে হারিয়েছেন। আন্তর্জাতিক মাষ্টার মিনহাজউদ্দিন আহমেদ হারিয়েছেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে। আজ বেলা আড়াইটায় খেলা শুরু হবে। অন্যান্য খেলার মধ্যে নিয়াজ খেলবেন রাজিবের সাথে।
