কেনিয়ায় শপিংমলে হামলায় নিহত ৬০

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টল্যান্ড এলাকার ওয়েস্টগেট শপিংমলে শনিবারের সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আহত হয়েছে ১৭৫ জন। খবর বিবিসি ও রয়টার্সের। নিরাপত্তা বাহিনী জিম্মিদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছে বলে গতকাল রবিবার জানিয়েছে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জোয়ে লেঙ্কু জানিয়েছেন, শপিংমল থেকে ১ হাজার মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে ১০ থেকে ১৫ জন হামলাকারী এখনো ভেতরে আছে এবং তারা লোকজনকে জিম্মি করে রেখেছে। কিন্তু কতজন বন্দুকধারীদের হাতে জিম্মি আর কতজন বাঁচার জন্য লুকিয়ে আছে তা জানা যায়নি। ওদিকে নিহতদের মধ্যে প্রতিবেশি দেশ ঘানার জনপ্রিয় কবি কফি আউনুর ও তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে একজন কানাডিয়ান কূটনীতিক, তিনজন ব্রিটিশ ও দুই ফরাসী নাগরিক ও দুইজন ভারতীয় রয়েছেন। আহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সরকারি সৈন্যরা তল্লাশি চালাচ্ছে। এই হামলার দায়িত্ব স্বীকার করে সোমালিয়ার ইসলামপন্থী সংগঠন আল শাবাবের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোমালিয়ায় কেনিয়ার সৈন্যদের উপস্থিতির জবাব দিতেই এই হামলা করা হয়েছে। সোমালিয়ায় গৃহযুদ্ধের অবসানে ২০১১ সাল থেকে কেনিয়ার প্রায় চার হাজার সৈন্য সেখানে অবস্থান করছে। শনিবার দুপুরে যখন ওই হামলা শুরু হয়, অনেকেই ভেবেছিলেন যে ঘটনাটি কোন ব্যাংক ডাকাতির মত কোন ঘটনা। কিন্তু বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করার পর লোকজন আতংকিত হয়ে শপিং মল ছেড়ে পালাতে শুরু করলে সবার ভুল ভাঙ্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক এবং মুখোশ পরা এক দল বন্দুকধারী যখন এই হামলা চালায়, তখন শপিং মলটিতে ছিল প্রচন্ড ভিড়। সুনীল সাচদেভ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দুপুরে নিজের অফিসে তিনি যখন কাজ করছিলেন তখন তিনি একটি বিকট শব্দ শুনতে পান। সেটি যে গ্রেনেড হতে পারে এমনটি তিনি কল্পনাও করেননি। কিন্তু একের পর এক বিস্ফোরণ এবং গুলির শব্দে সবাই বুঝতে পারে যে ভয়ংকর কিছু ঘটেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন হামলাকারীদের শপিং-মলের একটি অংশে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছেন তারা। এদিকে, দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তিনি এই বিপদে দেশের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।