পেশোয়ারে চার্চের বাইরে জোড়া বোমায় নিহত ৭৮

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
পাকিস্তানের পেশোয়ার শহরের একটি গির্জার বাইরে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২০ জন। গতকাল রবিবার শহরটির কোহাটি গেইট এলাকার অল সেইন্ট’স গির্জায় এ বোমা হামলা হয়। নিহতের মধ্যে নারী ও শিশুরা আছে। খবর দ্য ডনের। সূত্র জানায়, নারী ও শিশুসহ বিস্ফোরণে আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই জোড়া বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী ভবনগুলোর কাঁচের জানালাগুলো গুঁড়িয়ে যায়। এর আগে লেডি রিডিং হাসপাতালের চিফ এক্সিকিউটিভ ডা. আরশাদ জাবেদ নিহদের সংখ্যা ৬১ বলে জানিয়েছিলেন। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের অতিরিক্তি আইজি শাফকাত মালিক জানিয়েছেন, দু’জন আত্মঘাতী এ বোমা হামলা চালিয়েছে। এ হামলায় ছয় কিলোগ্রাম বিস্কোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকারীরা গির্জার নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার ইসমাইল তারিক। এতে এক রক্ষী নিহত ও অপরজন আহত হয়েছেন বলে জানান তিনি। গির্জায় প্রবেশের পর প্রথম বোমা বিস্ফোরণের পর হামলাকারীরা ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। অল সেইন্ট’স গির্জাটি দেখতে অনেকটা মসজিদের মতো, যা শান্তি ও সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত হতো। কোহাটি গেইট এলাকাটি পেশোয়ারের অন্যতম স্পর্শকাতর এলাকা। গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তাহরিক ই তালেবান এই ঘটনার পর বিবৃতি দিয়ে বলেছে, এই ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা নেই।