দুর্নীতির অভিযোগ

চীনা নেতা বো শিলাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
চীনের শীর্ষস্থানীয় নেতা বো শিলাইকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। ঘুষ, অর্থ আত্মসাত্ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বো শিলাইকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। তবে তিনি আপিলের সুযোগ পাবেন। খবর বিবিসি ও রয়টার্সের। গতকাল রবিবার পূর্ব চীনের শ্যানডং প্রদেশের জিনান ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তাকে এ সাজা দেয়। পরে তাকে হাতকড়া পরিয়ে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির একসময়কার পলিটব্যুরো সদস্য বো শিলাই তার নীতিমালার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার বিচার নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় দেশটিতে। স্ত্রী গু কাইলাই দুই বছর আগে একজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে বো শিলাইয়ের রাজনৈতিক পতন শুরু হয়। গত বছর তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। শিলাই পুরো বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে বো’র বিষয়টি কিভাবে সামাল দেয়া হবে তা নিয়ে মতভেদের কারণে তাকে বিচারের সম্মুখীন করাতে দেড় বছর কেটে যায়। গত কয়েক দশকের মধ্যে তিনিই হলেন বিচারের সম্মুখীন শীর্ষ রাজনীতিবিদ।