দুই নেত্রীর সংলাপ প্রশ্নে রুলের শুনানি ২৬ সেপ্টেম্বর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের শীর্ষ নেত্রীর মধ্যে সংসদের ভিতরে ও বাইরে সংলাপ আয়োজনের প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আগামী ২৬ সেপ্টেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানালে সংশ্লিষ্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। এদিকে চার সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে রুলের জবাব দেয়ার জন্য বলা হলেও গত ৬ মাসে তারা হাইকোর্টে কোন জবাব দাখিল করেননি বলে রিট আবেদনকারীর কৌঁসুলি জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২৭ মার্চ হাইকোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রী এবং তাদের জোটের মধ্যে সংসদের ভিতরে ও বাইরে সংলাপে বসতে কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সনকে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে বোমা ও ককটেল নিক্ষেপ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগসহ এ ধরনের অপরাধ বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবের প্রতিও রুল জারি করে আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনূস আলী আকন্দ দুই নেত্রীর মধ্যে সংলাপ চেয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন। প্রসঙ্গত, প্রায় দুই যুগ আগে স্বৈরশাসক এরশাদের জমানায় সাংবাদিক ফয়েজ আহমেদ ও ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের উদ্যোগে দুই নেত্রীর বৈঠক হয়েছিলো। এরপর দুই এক বার তাদের দেখাদেখি হলেও তাদের মধ্যে কোন ধরনের সংলাপ হয়নি।