ভোগান্তি কমাতে টিসিবির পিঁয়াজ স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় পিঁয়াজের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত পিঁয়াজ মজুদ রয়েছে। পিঁয়াজ নিয়ে যাতে কোন ষড়যন্ত্র বা কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করে এর মূল্য বৃদ্ধি করা না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।
এদিকে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় পিঁয়াজ আমদানিকারকদের সুবিধার্থে ব্যাংক ঋণের সুদের হার এবং এল সি মার্জিন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিঁয়াজের এই লাগামহীন মূল্য বৃদ্ধিতে সরকার উদ্বিগ্ন। টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পিঁয়াজ বিক্রি ছাড়াও নানা উদ্যোগ নেয়া হচ্ছে বাজার স্থিতিশীল রাখতে। ভারতের পাশাপাশি মিয়ানমার, চীন ও পাকিস্তান থেকে পিঁয়াজ আমদানি করতে আমদানিকারকদের উত্সাহ দেয়া হচ্ছে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও সেলের মহাপরিচালক) অমিতাভ চক্রবর্তী এবং টিসিবি’র চেয়ারম্যান পিঁয়াজ আমদানি নিয়ে টেকনাফে ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। জানা গেছে, মিয়ানমার থেকে পিঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
এছাড়া সপ্তাহখানেক বন্ধ থাকার পর গতকাল থেকে টিসিবি ঢাকাসহ দেশব্যাপী নির্ধারিত ডিলারদের মাধ্যমে ৫৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি শুরু করেছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
