জ্বালাও পোড়াও পরিহার করে নির্বাচনে আসুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বিরোধী দলকে জ্বালাও পোড়াও হত্যার পথ পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার বিকালে পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বর্ধিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট তত্ত্বাবধায়ক-তত্ত্বাবধায়ক বলে যতই চিল্লাক তত্ত্বাবধায়ক সরকার এদেশে আর ফিরে আসবে না। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আব্দুল জলিল, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, জেলা পরিষদের প্রশাসক এম, সাইদুল হক চুন্নু, আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি, রেজাউল রহিম লাল, আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার প্রমুখ। এদিকে ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প কাজের উদ্বোধনের জন্য ঈশ্বরদীতে আগমনের প্রস্তুতি হিসেবে ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটপাট ফিরে আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের আয় বৃদ্ধি পায়, দেশের উন্নতি হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস সমাবেশে সভাপতিত্ব করেন।