জেলায় মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের এমপি ও রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শহরের রেলগেট ষষ্ঠিতলাপাড়া এলাকায় গতকাল রবিবার বিকালে এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন। আহতদের মধ্যে ৪ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—ছাত্রলীগ কর্মী শহরের সার্কিট হাউজপাড়া এলাকার সিফাত (২৫), জেল রোড এলাকার মামুন (২৫), ঝিকরগাছার আশা (২০) ও মচাঁচড়া রায়পাড়া এলাকার রনি (২৫)।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি জানান, মেয়েলি ঘটনা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা জানান, রাজ্জাক কলেজ এলাকায় গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু সমর্থিত ছাত্রলীগের রাজু গ্রুপের ক্যাডার ম্যানসেলের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী ইমরানের ওপর হামলা চালায়। এ ঘটনায় ইমরানসহ কয়েকজন গতকাল বিকালে যশোর সদর আসনের এমপি খালেদুর রহমান টিটোর ছেলে জিউসের কাছে অভিযোগ করেন। এরপর ম্যানসেলের নেতৃত্বে বনি, ডলার, শরিফ, আনসারুলসহ একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
ছাত্রলীগের এমপির সমর্থকদের দাবি, ম্যানসেল গ্রুপের ছিনতাইয়ের প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা করা হয়েছে। অপরদিকে ছাত্রলীগের রাজুর সমর্থকদের দাবি, ইরমানসহ তার লোকজন কলেজের ছাত্রীদের উত্যক্ত করত। তাকে এ কাজ করতে নিষেধ করায় তার লোকজন নিয়ে গতকাল বিকালে ম্যানসেলের বাড়িতে হামলা করতে আসলে এ ঘটনা ঘটে।
