দশ দফা বাস্তবায়নের দাবিতে সিবিএ সমন্বয় পরিষদ ও পাটসূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল রবিবার সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার থেকে পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিকরা।
বিবৃতিতে তারা বলেন, সরকার বন্ধ থাকা পাটকল চালু, মজুরি বাস্তবায়ন ও পাটের জিন আবিষ্কার করে পাটের ব্যবহার বৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত পাট শিল্পে অর্থায়ন না করায় কৃষকরা পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিক কর্মচারীরা ন্যায্য সুযোগ সুবিধা পাচ্ছে না। তাই অবিলম্বে ঘোষিত দশ দফা মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। দশ দফা দাবির মধ্যে মজুরি কমিশনের তৃতীয় কিস্তি প্রদান, চাকরি স্থায়ীকরণ, শিফট রোটেটিং ও ডিউটি এলাউন্স প্রদান, শিক্ষা সহায়ক ভাতা চালু ও পিআরএল সুবিধা উল্লেখযোগ্য।
