শেষ হলো আয়কর মেলা

সেবা নিয়েছেন পাঁচ লাখ করদাতা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত দেশব্যাপী আয়কর মেলা শেষ হয়েছে গতকাল রবিবার। আয়কর মেলার শেষ দিন পর্যন্ত সারা দেশে পাঁচ লাখ ১০ হাজার করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। এই সময়ে এক লাখ ৩২ হাজার রিটার্ন জমা হয়। আর আয়কর আদায় হয়েছে এক হাজার ১১৭ কোটি টাকা। একই সময়ে নতুন করদাতা হিসেবে নিবন্ধিত (ই-টিআইএন) হয়েছেন ১২ হাজার ৩৩৭ জন, বিদ্যমান করদাতাদের মধ্যে ৭৪ হাজার করদাতা নতুন ই-টিআইএন পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছেন। করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১০ সাল থেকে এ মেলা আয়োজন করে আসছে এনবিআর। বিগত সময়ে ঢাকা, চট্টগ্রাম ও বিভাগীয় শহরে এই মেলা আয়োজন করা হলেও এবার প্রতি জেলায় কর মেলার আয়োজন করা হয়। তবে বিভাগীয় শহর ছাড়া জেলায় মেলার মেয়াদ ছিল দুই দিন। মেলা শেষে রাজধানীর অফিসার্স ক্লাবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল। এছাড়া কমিটির সদস্য ফরিদা রহমান এমপি এবং সিমিন হোসেন রিমি এমপি।