খোকসায় বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
খোকসায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রবিবার ট্রিপল হত্যা মামলার আসামি গণমুক্তিফৌজের শীর্ষ নেতা বাহিনী প্রধান ফজলু নিহত হয়েছে। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ২টি ধারালো অস্ত্রসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঐদিন ভোরে চরমপন্থি নেতা ও নিজের নামে গঠিত বাহিনী প্রধান ফজলুর রহমান ওরফে ফজলু (৩৮) ফজলু জয়ন্ত হাজরা ইউনিয়নের উথলী ব্রিজের কাছে মাঠে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি টিম ভোরে সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজলু বাহিনীর সশস্ত্র ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে উভয় গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থি নেতা বাহিনী প্রধান ফজলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল, ১টি রিভলবার, ১টি পাইপগান ও ২টি এলজি, ১টি চাপাতি, ১টি রামদা ও বিভিন্ন অস্ত্রের ২০ রাউন্ড গুলি উদ্ধার করে। ফজলু আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলামসহ ট্রিপল হত্যা মামলার প্রধান আসামি ছিল। গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা টিক্কার ক্রসফায়ারে নিহত হওয়ার পর সে দলটির দায়িত্ব পায়। ফজলু কুমারখালীর যদুবয়রা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, সে দীর্ঘদিন ধরে চর দখল, খুন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।