তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রদল সভাপতিসহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।
অভিযুক্তরা হলেন- ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র সহ-সভাপতি শরীফউদ্দিন জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আকিল মাহমুদ, মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মাহমুদ ও তিতুমীর কলেজের ছাত্র মাহবুবুল আলম।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন তদন্ত শেষে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩ (৬) ধারার অপরাধে ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ৩ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৪ জুন এ মামলায় মাহবুবুল আলম ও আকিল মাহমুদ গ্রেপ্তার হয়। রিমান্ড শেষে ৩০ জুন তাদের আদালতে হাজির করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও ঢাকা মহানগর ছাত্রদলের (উত্তর) জ্যেষ্ঠ সহ-সভাপতি শরিফ উদ্দিনের পরিকল্পনা ও নির্দেশেই তারা ঘটনার দিন মোটরসাইকেলে চড়ে তথ্যমন্ত্রীর বাসায় বোমা হামলা করে দ্রুত পালিয়ে যান। এ আসামিদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে ছাত্রদল সভাপতিসহ অন্য ৩ জনকে আসামি করা হয়েছে।
