সোনারগাঁওয়ে ট্রাকের নিচে চাপা পড়ে পুলিশের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
জেলার সোনারগাঁওয়ে ট্রাকের নিচে চাপা পড়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। উপজেলার মেঘনা ফেরি ঘাট এলাকায় গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করতে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ রিপোর্ট গতকাল রবিবার লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল শহিদুল ইসলাম গত শনিবার রাতে সোনারগাঁও থানার এস আই আব্দুল হক শিকদারের সাথে মোবাইল টিমে ডিউটি দিচ্ছিল। রাত প্রায় ১১ টার দিকে মেঘনা ফেরি ঘাট এলাকায় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে প্রস্রাব করছিলেন শহিদুল। এ সময় মেসার্স শাহানা এন্ড ব্রাদাসের্র মালিকানাধীন একটি ট্রাক দ্রুত গতিতে এসে তার উপরে উঠিয়ে দেয়। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়। নিহত কনস্টেবল শহিদুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বলে জানা গেছে।