সংবিধান ও গণতন্ত্র মুখোমুখি অবস্থানে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, সংবিধান ও গণতন্ত্র আজ মুখোমুখি অবস্থানে। বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে গেলে গণতন্ত্র থাকবে না। আর গণতন্ত্র রক্ষা করতে গেলে বর্তমান সংবিধান ধ্বংস হয়ে যাবে না। প্রধান বিরোধী দল যদি নির্বাচন বয়কট করে তাহলে দেশে গণতন্ত্র ব্যাহত হবে। রাজধানীর ধানমন্ডিতে গতকাল রবিবার জাপা কার্যালয়ে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচর থানা জাপার এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বড় দুটি দল দেশ, জনগণ ও রাষ্ট্রের স্বার্থে কোনো আন্দোলন করে না। তাদের মূল লক্ষ্যই হল ক্ষমতার মসনদ। ক্ষমতার লড়াইয়ে তারা গোটা জাতিকে দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছে। এ কারণে যদি আগামীতে গণতন্ত্র নস্যাত্ হয়, এর খেসারত রাজনীতিবিদদেরই দিতে হবে। কলাবাগান থানা জাপা সভাপতি ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- নগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, নগর জাপা নেতা এম.এ সাইদ, হাজী সাব্বির আলী, শাহজাহান মিয়া, নাজিম আহমেদ চিশতী ও জাকির মল্লিক প্রমুখ।