রানা প্লাজার আহত শ্রমিকদের কৃত্রিম পা সংযোজন শুরু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের কৃত্রিম পা সংযোজন প্রক্রিয়া শুরু হয়েছে। থাইল্যান্ড থেকে আসা ৬৩ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম রবিবার এ প্রক্রিয়া শুরু করেছে। রানা প্লাজার আহত শ্রমিক ও বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো মোট ১০০ জন কৃত্রিম পা পাবেন। ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই থাই মেডিক্যাল টিম বাংলাদেশে অবস্থান করবে এবং কৃত্রিম পা সংযোজনের কাজ চলবে। থাই মেডিক্যাল টিমের সঙ্গে আছে একটি মোবাইল ল্যাবরেটরি। যেখানে তারা রোগীদের পায়ের মাপ দিয়ে তৈরি করে দিবে কৃত্রিম পা। রানা প্লাজায় আহত ২৫ জন এবং বাকি অন্য দুর্ঘটনায় বা অসুখে পা হারানো ব্যক্তিরা এ সুবিধা পাবেন। পঙ্গু হাসপাতালের আর. জে মেমোরিয়াল হলে স্বাস্থ্য মন্ত্রণালয়, পঙ্গু হাসপাতাল ও রয়েল থাই এ্যাম্বাসি যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন থাই রাষ্ট্রদূত মাধুরা প্যাচোনা ইতিয়ারং, পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. আবদুল আওয়াল রিজভি। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এম কে বদরুদ্দোজা, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান কচি ও রানা প্লাজায় আহত শ্রমিকরা।