আন্তর্জাতিক আলোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘দেখা আলো না দেখা রূপ’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক বক্তৃতা। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল তার বক্তৃতায় আলোর উত্স, আলোর ধর্মাবলী, মানবজীবনে দেখার বাইরেও আলোর যে ভূমিকা, আধুনিক বিজ্ঞানে আলোর অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। বাংলদেশ কম্পিউটার সমিতির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এই বক্তৃতায় পূর্বেই অনলাইনে রেজিস্ট্রেশনকৃতরা অংশ নেন। প্রায় ৬শ আবেদনকারীর মধ্য থেকে ২৫০ জনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মুনির হাসান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। এরপর অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল তার বক্তব্য উপস্থাপন করেন। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বক্তৃতাটি তিনি উপস্থাপন করেন। শুরুতে তিনি আলো কী তা নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় আলোর তরঙ্গধর্ম, তরঙ্গ হিসেবে আলোর ভূমিকা বিস্তারিত উঠে আসে। অধ্যাপক জাফর ইকবাল এরপর আলোর সঙ্গে সম্পর্কিত আধুনিক বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আলোর ধর্ম বুঝতে গিয়ে কীভাবে কোয়ান্টাম মেকানিকসের উত্পত্তি, ব্ল্যাকহোলের ছবি তোলার মত বিজ্ঞানের বিশাল অর্জন, মহাবিশ্বের সৃষ্টিরহস্য বুঝতে আলোর ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের মধ্য হতে আলো ও পদার্থবিজ্ঞান সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
