ভারতের বিদ্যুত্ আমদানীর জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত বিদ্যুত্ স্টেশনে ট্রান্সফরমারসহ আনুষাঙ্গিক সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র স্থাপন সম্পন্ন করা হয়েছে। এখন চলছে টেষ্টিং কমিশনিং। ভারতের বহরমপুর বিদ্যুত্ কেন্দ্রের ৪০০ কেভি ভোল্টেজের বিদ্যুতের মাধ্যমে ভেড়ামারা বিদ্যুত্ স্টেশনের মেশিনারিজ চার্জ করা হচ্ছে এবং ট্রান্সফরমারসহ স্টেশনের সব যন্ত্রাংশ পর্যবেক্ষণ ও চূড়ান্তভাবে পরীক্ষা-নিরীক্ষার কাজ করা হচ্ছে। ২৭শে সেপ্টেম্বর পরীক্ষামূলক বিদ্যুত্ সরবরাহ শুরু হবে। আগামী অক্টোবর মাসে আমদানীকৃত ভারতীয় বিদ্যুত্ বাংলাদেশের জাতীয় গ্রীডে যোগ হবে বলে স্টেশনের কর্মকর্তারা জানান।
গ্রীড আন্তঃসংযোগ ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন জানান, বিদ্যুত্ স্টেশনে এখন টেষ্টিং কমিশনিং এর মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রাংশ চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুরূপভাবে ভারতের বহরমপুর বিদ্যুত্ কেন্দ্র সে দেশের সীমান্তপ্রান্ত পর্যন্ত ২০৮টি টাওয়ার ও বিদ্যুত্ সরবরাহের জন্য বৈদ্যুতিক তার সংযোগের কাজ সম্পন্ন করা হয়। প্রথম ধাপে ১৫০ মেগাওয়াট থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুত্ ভারত থেকে পাওয়া যাবে এবং পুরোপুরি ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ ভারত বাংলাদেশকে সরবরাহ করবে। আমদানীকৃত ৫০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ভারতীয় সরকারি পর্যায় থেকে ২৫০ মেগাওয়াট এবং সেদেশের বেসরকারি কোম্পানী থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ পাওয়া যাবে। এদিকে গত ৩০ আগষ্ট ভারতের বহরমপুর বিদ্যুত্ কেন্দ্র থেকে ৪০০ কেভি ভোল্টেজ বিদ্যুত্ পরীক্ষামূলক ভেড়ামারা বিদ্যুত্ স্টেশনে সরবরাহ করা হচ্ছে। ভারতের বহরমপুর বিদু্যুত্ কেন্দ্র থেকে সরবরাহকৃত ৪০০ কেভি ভোল্টেজ বিদ্যুতের মাধ্যমে ভেড়ামারা বিদ্যুত্ স্টেশনে স্থাপিত ট্রান্সফরমার,ওভারহেড লাইনসহ সব বৈদ্যুতিক মেশিনারিজ পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক কাজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ (ভেড়ামারা) ও ভারত (বহরমপুর) গ্রীড আন্তঃসংযোগ প্রকল্পের আওতায় পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) তত্ত্বাবধানে জার্মানীর মেসার্স সিমেন্স এজি কোম্পানী কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুত্ স্টেশন নির্মাণ,টাওয়ার স্থাপন,বৈদ্যুতিক যন্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপনের কাজটি বাস্তবায়ন করেছে। এদিকে আগামী অক্টোবর মাসে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃসংযোগ বিদ্যুত্ প্রকল্পের আওতাধীন বিদু্যুত্ আমদানী ও সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন বলে কর্মকর্তারা ধারণা করছেন।
