জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারি সফরে গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর এট লার্জ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওহিদুজ্জামান, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, আমির হোসেন আমু এমপি, রাশেদ খান মেনন এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও মইনউদ্দিন খান বাদল এমপি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে নিউইয়র্ক যাচ্ছেন। এছাড়া মজিবুল হক এমপি ও ইকবালুর রহিম এমপিও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে নিউইয়র্ক পৌঁছেছেন।
গতকাল রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিয়েছে। এরপর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটনের পার্ক এভিনিউস্থ গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। নিউইয়র্ক সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর সকালে দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ৩০ সেপ্টেম্বর বিকালে ঢাকায় পৌঁছাবেন তিনি।
