আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি নানা অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জাদুঘর বহু-সংস্কৃতির মিলন কেন্দ্র: ঐতিহ্যের ভবিষ্যত্’। দিবসটি উপলক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় জাদুঘরের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় বের হবে বর্ণাঢ্য র্যালি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এই র্যালি উদ্বোধন করবেন। সকাল এগারটায় ‘নলিনীকান্ত ভট্টশালী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. এ কে এম শাহনেওয়াজ। সভাপতিত্ব করবেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খান। পরে প্রতিমন্ত্রী জাদুঘরে সংস্কার করা ২৩ নম্বর গ্যালারি উদ্বোধন করবেন। এছাড়াও জাতীয় জাদুঘরের উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত ‘আমার দেখা জাদুঘর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জাদুঘরের পত্রিকা ‘ত্রৈমাসিক জাদুঘর সমাচার’-এর মোড়ক উন্মোচন করা হবে।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল শুক্রবার জাদুঘর মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন ও বিশিষ্ট নৃত্যশিল্পী তামান্না রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদয়ন একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
