পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর-শহরের কে.এম লতিফ ইনস্টিটিউশনে শ্রেণীকক্ষে পাঠদানের সময় অজ্ঞাত রোগে গত তিন মাসে অন্তত অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ গতকাল রবিবার ঐ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদানের সময় হঠাত্ চার ছাত্রী পালাক্রমে বেহুশ হয়ে পড়ে। এ সময় ঐ চার ছাত্রীর সেবা করতে গিয়ে ঐ প্রতিষ্ঠানের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শারমীন আক্তার মুন্নীও ঐ রোগে আক্রান্ত হন। পরে ঐ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তারা সুস্থ হন।
গত তিন মাসে এভাবে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ঐ প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী ও চারজন শিক্ষিকা একইভাবে বেহুশ হয়ে পড়েন। এতে ঐ প্রতিষ্ঠানে এখন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ‘জ্বীন’ আতংক বিরাজ করছে।
বিদ্যালয় সূত্র জানায়, জ্বিন আতংক থেকে রেহাই পেতে শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষ কোরানখানী, দোয়া ও মিলাদের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা জামান খান বলেন, শিক্ষার্থীরা যাতে আতংকিত না হয়ে পড়ে সে জন্য আমরা সচেষ্ট রয়েছি। তবে শ্রেণীকক্ষে ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও এ অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
