কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী ১৬ অভিযোগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। গতকাল সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। একই দিনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ ?টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর ট্রাইব্যুনাল বরাবর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার ট্রাইব্যুনাল-২ এ কায়সারের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে। সাংবাদিক সম্মেলনে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। গত বছরের ২৮ মার্চ জাতীয় পার্টির এই নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষ হয় গত ২১ সেপ্টেম্বর। তদন্তকালে ৮১ জনের জবানবন্দি নেয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসাবে তাদের পক্ষ নেন কায়সার। মুক্তিযুদ্ধের সময় প্রায় ৫০০ থেকে ৭০০ জন স্বাধীনতাবিরোধীকে নিয়ে তিনি নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন। গত ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ২১ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট শর্ত সাপেক্ষে জামিন দেয়া হয়। মুঈন ও আশরাফুজ্জামানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের মামলায় আজ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমানের জেরা শেষে আজ এ আদেশ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা আতাউর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই টুনি। সোমবার থেকে রাষ্ট্রপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন করতে বলা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত জব্দ তালিকার দুই সাক্ষীসহ মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।