ইত্তেফাক রিপোর্ট
দুইবার এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে এবার দেশের একদল পর্বতারোহী প্রথমবারের মতো হিমালয়ের ‘ফার্চামো’ পর্বতশিখর জয় করতে অভিযানে যাচ্ছে। ২০ হাজার ৩০০ ফুট উঁচু এই পর্বতশিখর এভারেস্ট-এর দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে অবস্থিত। পর্বতারোহী দলটি আজ শনিবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ২১ দিনের অভিযানে তারা ‘ফার্চামো’ শিখর আরোহণ করবে।
গতকাল শুক্রবার এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও পতাকা-প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, নেপালী দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর ওলী। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে এম এ মুহিত ও পর্বতারোহী দলের অন্য অভিযাত্রীরা বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী জাতীয় পতাকা গ্রহণ করেন।
‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড, আজিম গ্রুপ ও বার্জার পেইন্ট্স বাংলাদেশ লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড রেয়াতি হারে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।
