ট্রেড ইউনিয়ন নেতা রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি। গত বৃহস্পতিবার সমিতির তেজগাঁও ট্রাক টার্মিনাল কেন্দ্রীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্রের অকাল মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেন। নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, বুধবার ভোরে রায় রমেশ চন্দ্র রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। —সংবাদ বিজ্ঞপ্তি
