চিত্রনায়িকা সোহানা সাবা। ঈদের পর মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘আব্বাস ওটু’। যেখানে প্রথমবারের মতো গান করেছেন তিনি। এই বিষয়গুলোর পাশাপাশি নতুন আরো কয়েকটি সিনেমা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
আপনার নতুন সিনেমা ‘আব্বাস ওটু’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ঈদে কী আপনাকে বড়পর্দায় তাহলে পাওয়া যাচ্ছে?
সিনেমাটি ঈদের আগে সেন্সর হবে। কিন্তু ঈদের আগে মুক্তি পাচ্ছে না। তবে ঈদের পরই সিনেমাটি মুক্তি পাবে।
এই সিনেমায় আপনি গানও করেছেন। এ প্রসঙ্গে জানতে চাই?
এই গানটি হঠাত্ করেই করা। ইমরানের সাথে ডুয়েট কণ্ঠ দিয়েছি আমি। সিনেমাটি শুরু করার আগে এমন কোনো কথা হয়নি। একদিন স্টুডিওতে পরিচালক হঠাত্ করেই আমাকে ডাকেন। আমার অন্য একটি শুটিং ছিল। সেটি বাতিল হয়ে যাওয়ায় আমি স্টুডিওতে যাই। তখন আমাকে বলা হলো গানটি করতে হবে। আমি একদমই প্রস্তুত ছিলাম না। তবে সাহস করে গেয়ে ফেলেছি।
প্লেব্যাক করার আগে গানের পূর্ব প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। যাঁরা গাইছেন তাঁদের কথাগুলো এমনই। সেই জায়গা থেকে কাজটি আপনার কাছে কঠিন মনে হয়েছিল কি-না?
অনেকদিন গান শিখেই গান করতে হবে এমনটা নয়। কিশোর কুমার কখনো গান শেখেননি। তিনি গান করেছেন। অনেকে ভালো স্টেজ গান করেন, কিন্তু প্লেব্যাকে হয়তো ভালো করেন না। এটা পুরোটা ভিন্ন বিষয়। এখন প্রশ্ন, আমিতো গায়িকা নই, তাহলে কেন গান করলাম। এটি একদমই সাহস করে করে ফেলা। গানটি করা হয়তো ঠিক হয়নি, কিন্তু আত্মবিশ্বাসের কারণে করে ফেলেছি। আর এটা অনেক বড় কিছু যে করেছি এমনটাও নয়।
কলকাতায় একটি সিনেমা মুক্তির অপেক্ষায় অনেকদিন। সেটি কবে নাগাদ মুক্তি পাবে?
‘এপারে ওপারে’ শিরোনামের সিনেমাটি এ বছরই মুক্তি পাবে। কয়েকটি চলচ্চিত্র উত্সবের জন্য এখনো মুক্তি পায়নি।
বাংলাদেশ ও কলকাতার সিনেমায় আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন—
দেশে ‘পাপ পূণ্য’ ও ‘মধুর ক্যান্টিন’ শিরোনামে দুটি সিনেমা রয়েছে। অন্যদিকে কলকাতারও দুটি সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এরমধ্যে একটির শুটিং জুলাইয়ে শুরু হবে।
কলকাতায় নিজের জনপ্রিয়তার জায়গাটা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
এটা নিয়ে আসলে আমি ভাবছি না। আমি কেবল কাজ শুরু করেছি। নিজের জন্য ভালো কাজটি বেছে করাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। সেটিই করছি।
এবার নিরবের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু নিরবের এখন পর্যন্ত কোনো বড় হিট সিনেমা নেই। সেখান থেকে এই সিনেমার সফলতা নিয়ে আপনি কতটা আশাবাদী?
এই প্রথম কথিত বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলাম। বাণিজ্যিক জায়গাটায় আমার সেভাবে ভয় লাগছে না। কারণ বাণিজ্যিক বিষয়গুলো আমি জানি না বলেই হয়তো আমার ভয় করছে না।
