বাড়ির আঙ্গিনায় অসময়ের টমেটো চাষে দুই গৃহবধূ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
উপজেলার কিসমত ফুলতলা গ্রামের চাষী মাধুরী মল্লিক ও সুমিতা ইজারাদার অসময়ে বসতবাড়ির আঙ্গিনায় টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন। হাসি ফুটিয়েছেন পরিবারের সকলের মুখে। তাদের এ সাফল্য দেখে আশেপাশের অনেকেই ঝুঁকে পড়েছেন টমেটো চাষে। বটিয়াঘাটার বাজারে প্রতিদিন তাদের টমেটো উচ্চমূল্যে বিক্রয় হচ্ছে। উপযুক্ত পরিবেশ, সহযোগিতা আর সঠিক নির্দেশনা পেলে মহিলারাও ঘরে বসে বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে এটা তারই প্রমাণ। বসতবাড়ির পুকুরে মাছ চাষ ও আঙিনায় সবজি চাষ বিষয়ক এক সভা সমপ্রতি কিসমত ফুলতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় গৃহবধূ সুমিতা ইজারাদার তার এক শতক জমিতে টমেটো চাষ করে সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, ইতোমধ্যে ২শ’ কেজি বিক্রয় করে চাষের ব্যয় বাদে দ্বিগুণ লাভ করেছেন। আগষ্ট মাসের শুরুতে প্রতি কেজি টমেটো ৮০ টাকা দরে বিক্রয় করেন। আরেক চাষী মাধুরী মল্লিক তার আধা শতক জমিতে আড়াই হাজার টাকা খরচ করে টমেটো চাষ করেন। তিনি এপর্যন্ত ৬ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। আরও একশ’ কেজি বিক্রয়ের আশা করছেন। চাষীরা বলেন, অসময়ে টমেটো চাষ করে ভাল অর্থ পাওয়ায় পরিবার পরিজন নিয়ে সুখেই আছেন।