জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে কপোতাক্ষের বাঁধ ধসে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কয়েকদিনের ভারি বর্ষণে কপোতাক্ষ নদের কানাইদিয়া গ্রামের মীরপাড়া এলাকায় প্রায় ৫০ মিটার বাঁধ শুক্রবার রাতে হঠাত্ ধসে পড়ে। এ সময় লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় তিনশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এতে শেখপাড়া, মীরপাড়া, সরদারপাড়া, গাজীপাড়া, মোল্লাপাড়া, কারিকরপাড়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলাদি,মত্স্য ঘের, পুকুরের মাছসহ কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে বাড়ি থেকে বের হওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করে নিয়েছে।
