জগন্নাথপুর-চিলাউড়া সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় সড়কটির পীচ উঠে গিয়ে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। এলজিইডি এ সড়ক দিয়ে প্রতিদিন জেলা শহরে শত শত যানবাহন চলাচল করে থাকে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের হাজার হাজার জনসাধারণের যাতায়াতের একমাত্র এ সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও মইয়ার হাওরের প্রবল ঢেউয়ের ফলে সড়কটির একপাশ ভেঙে সড়কটি ছোট হয়ে পড়ায় গাড়ি দিয়ে চলাচলতো দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। এলজিইডি অফিস থেকে জানা যায়, জগন্নাথপুর বাজার মোড় থেকে চিলাউড়া বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৮কিলোমিটর অংশ গতবছর ৫৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ করা হয়েছে।
