মেলান্দহে কমিটি নিয়ে দ্বন্দ্বে দু’দিন স্কুলের পাঠদান বন্ধ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
জামালপুরের মেলান্দহ দেওলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা দু’দিন যাবত্ ক্লাস বন্ধ আছে। স্কুলের জমি দখল ও ম্যানেজিং কমিটি গঠনে কোন্দলের জের ধরে এমন অবস্থা বিরাজ করছে। প্রায় একবছর আগে স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি গঠনে চলছে লবিং-গ্রুপিং। ইতোমধ্যে ওই স্কুলের নির্মাণাধীন বাউন্ডারির কাজ চলাকালে দক্ষিণ সাইডের বাউন্ডারি ভেঙ্গে জমি দখল করে একটি পক্ষ। এ নিয়ে এলাকাবাসী ফুঁসে ওঠে। মাস্টার ও সংশ্লিষ্ট ঠিকাদারকে এ ঘটনার জন্য দায়ী করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও কোন কাজ হয়নি। এ পরিস্থিতিতে এক পক্ষের প্রভাষক রফিকুল ইসলামকে অপর পক্ষের সাখাওয়াত হোসেন বাবুলকে সভাপতি মনোনীত করার জন্য প্রধান শিক্ষক মুফিজুল ইসলামসহ অপর শিক্ষক প্রতিনিধিদের কাছ থেকে পাল্টাপাল্টি স্বাক্ষর আদায় করা হয়। এতে উভয়পক্ষের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে। স্কুলে যেকোন সময় সংঘর্ষের রূপ নিতে পারে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-খবরটি আমার কাছে অনেক পরে এসেছে। প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম জানান-স্কুলের জমিদাতাদের চলাচল করতে বাউন্ডারি ভাঙ্গা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হয়েছে।