নাগরপুরে পাকা রাস্তার বেহাল দশা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা বাজার থেকে দপ্তিয়র বাজার পর্যন্ত ৫ কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা। প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ভাদ্রা বাজার থেকে দপ্তিয়র বাজার পর্যন্ত ৫ কিলোমিটার পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির দু’পাশে এজিং ভেঙ্গে এবং ইট সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করছে। দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তাটি এলজিইডি মেরামত বা রক্ষণাবেক্ষণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ভাদ্রা থেকে দপ্তিয়র পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশায় উপজেলার সাথে প্রায় ৩০/৩৫টি গ্রামের যোগাযোগ নেটওয়ার্ক মুখ থুবড়ে পড়েছে। ভাদ্রা দপ্তিয়র পাকা সড়কটি গত ১০ বছর আগে বিভিন্ন সময় বৃষ্টির তোরে ভেঙ্গে চুরমার হয়ে এবং কার্পেটিং ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দপ্তিয়র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী ইত্তেফাককে জানান, এলজিইডির তেমন নজরদারি না থাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণ করায়, অল্পদিনে রাস্তাটির দু’পাশের এজিং ও ইট সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে এ ভাঙ্গাচোরা সড়কটি সংস্কারের দাবি জানান এলাকার ভুক্তভোগীরা।