কালাই মহিলা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রী সাদিয়া আকতার সোমার উপর অ্যাসিড নিক্ষেপকারী কলেজ শিক্ষক সাইফুল ইসলাম বাবুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ। রবিবার সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় তারা। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের উন্নয়ন কর্মী জহুরুল ইসলাম, সাজ্জাদুল হক, রুনা লায়লা, সচেতন নাগরিক সমাজের নেতা তাজউদ্দীন আহম্মেদ তাজ, শফিউল ইসলাম শাহীন, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি নজরুল ইসলাম, এসিডদগ্ধ সোমার বাবা আব্দুস সালামসহ অন্যরা। উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে পড়াশুনা শেষে সোমা ঘুমিয়ে গেলে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে কলেজ শিক্ষক সাইফুল। এতে সোমার মুখের ডানপাশ ও দুই হাতের আংশিক ও পিঠের পুরো অংশ ঝলসে যায়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে লড়ছে।
