বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, জেলে নিখোঁজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
কক্সবাজারের কুতুবদিয়ার নিকটবর্তী বঙ্গোপসাগরে দু’দিনে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ডাকাতির শিকার হয়েছে। এসময় জলদস্যুদের হামলায় ২০ জন জেলে আহত এবং একজন জেলে নিখোঁজ রয়েছে। কুতুবদিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সাগরের ‘জাহাজখাড়ি’ নামক এলাকায় গত শুক্রবার ও শনিবার এ ডাকাতির ঘটনা ঘটে। ট্রলার মালিক ও মাঝি-মাল্লারা জানান, সাগরে মাছ ধরতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত ১৭টি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। শনিবার কুতুবদিয়া দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের ‘জাহাজখাড়ি’ নামক স্থানে এফবি মরিয়ম নামের একটি ফিশিং ট্রলার জাল ফেলে মাছ ধরার সময় ১৮/২০ জনের সশস্ত্র জলদস্যু নামবিহীন একটি টেম্পো বোট নিয়ে ওই ফিশিং ট্রলারের ওপর হামলা চালায়। এ সময় জলদস্যুরা জেলেদের মারধর করলে জেলেরা ভয়ে আহত অবস্থায় সাগরে ঝাঁপ দেয়। সাগরে ভাসমান অবস্থায় ২২ জেলের মধ্যে ১৯ জেলেকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। গতকাল সোমবার পর্যন্ত নিখোঁজ মাঝি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মোহাম্মদ আকতারের খোঁজ মেলেনি। জলদুস্য আক্রান্ত ট্রলারের মালিক নজরুল ইসলাম জানান, তার ট্রলারটি নোঙ্গর করার পর উদ্ধার করা হয়েছে।