হাট ইজারা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা গরুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রবিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আওলাদ হোসেন, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম, লতিফুর রহমান এবং হাছান আলীকে চিকিত্সার জন্য নেত্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলার গরুর বাজারটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকের লোকজনের নেতৃত্বে দীর্ঘদিন যাবত্ খাস কালেকশনে চললে সরকার প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। রাজস্ব বৃদ্ধির জন্য এবার বাজারটি সরকার ডাকে দিলে আমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ সবুজের ভাই ফজলুল হক প্রায় ১৪ লাখ টাকা দিয়ে বাজারটি ইজারা নেয়। বাজারের ইজারা নিতে বঞ্চিত হয়ে ক্ষিপ্ত হয় আওয়ামী লীগের সম্পাদক আওলাদ হোসেন ও তার সমর্থকরা। ইতিমধ্যে সরকারের কোষাগারে ফজলুল হক টাকাও জমা দেন। রবিবার হাটের দিন ফজলুল হকের লোকজন বাজারে তোলা আদায় করতে গেলে আওলাদের লোকজন বাধা দেয়। একপর্যায়ে আওলাদ হোসেনের লোকজন পিছু হটে। এসময় বাজারের কিছু দোকানপাটও ভাংচুর করা হয়।