সোনাতলায় মহিলা আওয়ামী লীগের সমাবেশ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে গত রবিবার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মোছাঃ সুফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান। এ ছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য পত্নী সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, আ’লীগ নেতা আব্দুস সামাদ মাস্টার, অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।
নেত্রকোনার ১০ উপজেলায় যুবলীগের তত্পরতা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার ১০ উপজেলায় আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গত তিনদিনে জেলার ১০টি উপজেলায় সাংগঠনিক সভা ছাড়াও জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভাগুলোতে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম ফকির, সম্পাদক দিদারুল ইসলাম পাপন এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি বক্তব্য রাখেন।
মুকসুদপুরে মাদকাসক্ত পুত্রকে পুলিশে সোপর্দ
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ মাদকাসক্ত পুত্রের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে এসএসসি পরীক্ষার্থী আরাফাতকে (১৫) গত রবিবার পুলিশে সোপর্দ করেছে মা মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ঝাকর গ্রামের সেলিনা বেগম । পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত পুত্র আরাফাতকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।
কক্সবাজারের সেরা করদাতা চকরিয়ার মুজিবুল হক
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০১৩সালে কক্সবাজার জেলায় সেরা করদাতার সম্মাননা পেয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার হক সুপার মার্কেট ও সোসাইটি কাঁচাবাজারের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিবুল হক। গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে জাতীয় রাজস্ব বোর্ডের এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা: আফসারুল আমিনরে হাত থেকে সেরা করদাতার উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এসময় জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনগরে নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলা পৌর সদরে পদ্মপাড়ার হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ নজরুল ইসলামের ছেলে বাবু নেশার টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়ার ঘরসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । আগুন লাগিয়ে রাতেই পালিয়ে যায় ছেলে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । পারিবারিক সূত্র জানায়, বাবু নেশার টাকার জন্য প্রায়ই মা,বাবার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো।
রামুতে ৯৭০ লিটার চোলাই মদ ধ্বংস
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে নবগঠিত ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত রবিবার ২২ সেপ্টেম্বর চেরাংঘাটাস্থ অস্থায়ী ক্যাম্পে এ মাসে জব্দকৃত ৯৭০ লিটার চোলাই মদ ধ্বংস করেছে। মদ ধ্বংস করেন বিজিবি’র কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নজরুল ইসলাম, রামুর ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমদ জাগীরদার পিএসসি, বিজিবি’র কক্সবাজার জিএসও মেজর আরিফ মহিউদ্দিন আহমেদ, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম, রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি প্রমুখ।
শিবালয়ে গ্যাস ও বিদ্যুতের দাবিতে মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুত্ সরবরাহের দাবিতে গত রবিবার শিবালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। এক পর্যায়ে স্থানীয় তিতাস গ্যাস মানববন্ধন শেষে সমাবেশ করে। অন্যান্যের মধ্যে শওকত হোসেন সাকন, আতোয়ার হোসেন রিপন, মতিউর রহমান মতি, কামরুজ্জামান আলো, সোনিয়া আক্তার, বিল¬াল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এনায়েতপুরে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা
চৌহালী (সিরাজগঞ্জ) \ সিরাজগঞ্জের এনায়েতপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার কিশলয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার। এসময় উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা একুশে ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ আকতারুজ্জামান তালুকদার প্রমুখ।
ঘাটাইলে সৃজনশীল প্রশ্নপত্রের উপর কর্মশালা
ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা \ ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নিজ খরচে নবম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতির উপর ঘাটাইল উপজেলার গণিত শিক্ষকদের দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, কে, এম শামছুল হক। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
মধুখালীর ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও মধুখালী সদর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ওয়ালিদ হাসান মামুনকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে এলাকার কয়েক হাজার মানুষ। এ সময় বক্তব্য রাখেন, মধুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমদ সতেজ, মো. কাইয়ুম হোসেন, আবুল বাসার প্রমুখ।
আদিতমারীতে পাঠ সমাপনী দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজের দশম (সাধারণ) ও দশম (ভোকেশনাল) শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঠ সমাপনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শওকত আরা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক ও ইউএনও রেজাউল আলম সরকার।
বাকৃবিতে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি নির্বাচন
বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কাজিমদ্দিন সভাপতি ও সিরাজউদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী ভোট গ্রহণের পর গতকাল সোমবার ফলাফল প্রকাশ করা হয়। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক গোলাম রসুল ও মহিলা বিষয়ক রাশিদা বেগম। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামাল হোসেন, শাহিন, নজরুল ইসলাম, শামসুল হক, আকরাম হোসেন এবং হারুণ-অর-রশিদ।
দিনাজপুরে অটো প্রমোশনের দাবিতে সমাবেশ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ২০০৯-১০ সেশনে অটো প্রমোশন ব্যানারে দিনাজপুর সরকারি কলেজে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী হাবিব, মিলু, রিপা, সোহাগ প্রমুখ। বক্তারা বলেন, সৃজনশীলের নামে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছাঁটাইয়ের প্রক্রিয়া চালু করেছে। প্রমোশনের ক্ষেত্রে নতুন নতুন বিধি আরোপ করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন কঠিন করে তুলেছে। আমরা যখন অনার্স ১ম বর্ষে যে কোন ১ বিষয়ে পাস করলেই ২য় বর্ষে উঠতে পেরেছি তখন ২য় বর্ষে হঠাত্ ৫০ ভাগ বিষয়ে পাসের এই অর্ডিনেন্স জারি কার স্বার্থে? গত কয়েকদিন আগে ২০১০-১১ সেশনের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের সংশোধিত ফলাফলে ১ বিষয়ে পাস করেই প্রমোশন দেয়া হয়েছে। তাই আমাদের বেলায় বহাল রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
মুকসুদপুরে গাছ বোঝাই ট্রলার আটক
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম-ইটখোলা রাস্তার গাছ ও গাছের ডাল কেটে নেয়ার সময় গাছ বোঝাই ট্রলারটি আটক করে গতকাল রবিবার নিয়ে গেছে মুকসুদপুর থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, চেয়ারম্যান মিহির কান্তি রায় তার লোকজন দিয়ে এ রাস্তার গাছ ও গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী ঐ গাছ আটক করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুজ্জামানের হস্তক্ষেপে পুলিশ গাছ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তপাদার শংকর মন্ডল জানায়, চেয়ারম্যানের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল ।
মিঠাপুকুরে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ডাকাতিসহ একাধিক মামলার আসামি হীরা (৩০) ৬৩ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। গত রবিবার সন্ধায় রংপুর-৫ র্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি দল বলদীপুকুরের অভিরামপুরে অভিযান চালায়। এসময় ৬৩ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। জানা যায়, গ্রেফতারকৃত হীরা জায়গীর বাতাসন দুর্গাপুরের লালা মিয়ার ছেলে।
কুমারখালি আদর্শ মহিলা কলেজে নবীনবরণ
কুমারখালি সংবাদদাতা \ গতকাল সোমবার কুষ্টিয়ার কুমারখালি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ। আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পিয়ার মহম্মদ বিশ্বাস ঠান্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ জামান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট মিয়া মহম্মদ রেজাউল হক, অধ্যক্ষ তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল প্রমুখ।
ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে ওয়ার্ড মেম্বার আটক
ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা \ উপজেলার ২নং বালিথুবা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার আঃ বাতেনকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশ আটক করেছে। শনিবার রাতে ওই মেম্বারসহ এলাকার ৫/৬ জন বখাটে স্বামীকে পিটিয়ে অচেতন করে স্ত্রীকে পালাক্রমে রাতভর গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। থানায় ভিকটিম একটি লিখিত অভিযোগ দায়ের করে। ছাড়িয়ে নেয়ার জন্য থানায় ভিড় করছে দলীয় নেতা-কর্মীরা।
সাদুল্লাপুরে ২৪০ লিটার বাংলামদসহ ১ জন গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রাম থেকে ২৪০ লিটার বাংলা মদসহ তাজুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। তাজুল ওই গ্রামের মৃত. মুনসুর আলীর ছেলে। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার ভোরে তাজুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির বিভিন্ন ঘর ও স্থানে তল্লাশি করে ৬ টি প্লাস্টিকের কন্টেনারে রাখা ২৪০ লিটার বাংলা মদ উদ্ধার করে। তিনি আরো জানান, তাজুল এ এলাকার মাদকের পাইকারী ব্যবসায়ী। এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে তালা উপজেলার খেশরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত রবিবার নিরিবিলি বাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুবদলের সভাপতি হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন প্রমুখ
বাঞ্ছারামপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দিগন্ত প্রি-ক্যাডেট স্কুল মাঠে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা অফিসার আবদুর আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যার দুধ মিয়া মাস্টার। বক্তব্য রাখেন দিগন্ত বহুমুখী সমিতির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর জলিল, অধ্যাপক মোঃ বশিরুজ্জামান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল প্রমুখ।
সুন্দরগঞ্জে সাবেক এমপির ভাতিজা গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার জামায়াতের সাবেক এমপি মাওঃ আঃ আজিজের ভাতিজা গ্রেফতার হয়েছে। জানা গেছে, গতকাল পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চাচীয়া মীরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সাবেক এমপি মাওঃ আঃ আজিজের ভাই মৃত-এছাহক আলীর পুত্র। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজা মিয়া গত ২৮ ফেব্রুয়ারি উপজেলায় জামায়াত-শিবিরের ব্যাপক তাণ্ডব ও সহিংসতার সঙ্গে জড়িত মামলার আসামি।
লোহাগড়ায় মহিলাদের মধ্যে চেক ও সনদপত্র বিতরণ
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লোহাগড়ার উদ্যোগে রুরাল এমপ্লয়মেন্ট এ্যান্ড রোড মেইন্টেন্যান্স প্রোগ্রামের মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এস কে আবু বাকের, এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম প্রমুখ।
বদরগঞ্জ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল মেয়েদের ক্রিকেট খেলার মধ্যদিয়ে শেষ হয়েছে। ৭দিনব্যাপী এ প্রতিযোগিতা গত ১৭ সেপ্টেম্বর শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজী খয়রাত হোসেন। কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য আ.ম.আ কাইয়ুম ও সাজ্জাদ হোসেন হেনা, সহকারী অধ্যাপক এম.আজিজুল হক, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আশরাফুল সরকার ও প্রভাষক সাইফুর রহমান প্রমুখ।
পীরগঞ্জে মহিলা পরিষদের আহবায়ক কমিটি গঠন
পীরগঞ্জ (ঠাকু্রগাঁও) সংবাদদাতা\ মাসুমা জেসমিন হামিদকে আহ্বায়ক ও ফরিদা বিজলীকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত সদস্যরা হলেন: মালেকা পারভীন বিথী, সামিমায়ারা বেগম, কাজী সোনিয়া, সেলিনা আক্তার, খন্দকার সামছিয়ারা বেগম, ভারতী রানী ও মেরিনা আফরোজা। গত শনিবার পীরগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে ফরিদা বিজলীর সভাপতিত্বে কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের যুগ্ম আহ্বায়ক এড. জাকিয়া সুলতানা মিঠু, সদস্য সুচরিতা দেব, নাসিমা বেগম, আঞ্জুমানয়ারা বন্যা প্রমুখ।
দিনাজপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের কাহারোল উপজেলা নয়াবাদ বটতলী হাট হতে হাসিলা সেগুনবাড়ী (বিরল) পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার রাস্তার পাকা সড়ক নির্মাণ ও কাজী কাটনা গ্রামে বিদ্যুতায়ন গতকাল সোমবার উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফুল হক প্রমুখ।
বেগমগঞ্জে দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা\ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল সোমবার বেগমগঞ্জ উপজেলা হলরুমে নির্বাহী অফিসার দেবী চন্দের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ মডেল তানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার ২০টি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল সোমবার বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ।
কুমিল্লায় সওজর জমি দখল করে মার্কেট
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার মুরাদনগরে চাপিতলা স্টেশনের পাশে সড়ক ও জনপথের (সওজ) জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছে স্থানীয় একটি মহল। এসব স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের চারমাসেও উদ্ধার হয়নি সরকারি জমি। জানা যায়, কুমিল্ল¬¬া-নবীনগর সড়কের মুরাদনগর উপজেলার চাপিতলা স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে সওজর সম্পত্তি অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালীরা মার্কেট নির্মাণ করে। এলাকাবাসী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সওজ কর্তৃপক্ষসহ বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করে। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে সওজ কর্তৃপক্ষ দখলদারদের বরাবরে ৭ দিনের মধ্যে তাদের সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য নোটিস দেয়। ওই নোটিসের পরও এসব অবৈধ স্থাপনা অপসারণ না করায় গত ৫ মে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও দীর্ঘ ৪ মাসে অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনগত কোন ব্যবস্থা নেয়নি সওজ কর্তৃপক্ষ। এ বিষয়ে সওজর উপ-বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান মিয়া জানান, অবৈধ স্থাপনা অপসারণে শিগগিরই পদক্ষেপ নেয়া হচ্ছে।
ধামরাইয়ে গৃহবধূর শ্লীলতাহানি
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাইয়ের চরসুঙ্গর গ্রামে এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার ধামরাই থানায় একটি অভিযোগ করা হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের চরসুঙ্গর গ্রামের এক গৃহবধূ শনিবার রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে একই গ্রামের লুত্ফর রহমানের ছেলে মোবারক হোসেন ঐ গৃহবধূকে পাশের একটি পরিত্যক্ত শ্যালোমেশিন ঘরে নিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় গত রোববার ওই গৃহবধূ ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিরাজগঞ্জে শিবিরের ঝটিকা মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি \ যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত নেতাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জামায়াত-শিবির ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোড থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে পুরাতন পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি এ্যাড. আবু জাফর ও পৌর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নেতাকর্মীরা সটকে পড়ে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জামায়াত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়।
সিরাজগঞ্জে বাস চাপায় সাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি \ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে বাস চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত হামিদুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের হায়দার আলীর পুত্র। বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানায়, সোমবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী এসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাইকেল আরোহী হামিদুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
