ফের জার্মান চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মার্কেল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
জার্মানীর নির্বাচনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল (৫৯) আবারও বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মত বিজয়ী হলেন। জার্মানীর রাজনৈতিক ইতিহাসে কোন নারীর পরপর তিন দফা চ্যান্সেলর হওয়ার ঘটনা এটাই প্রথম। তবে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য কিছু ভোট কম পেয়েছেন। খবর এএফপি ও সিএনএনের। মার্কেল ইতোমধ্যে তার দলীয় নেতা-কর্মীদের বিজয় উদযাপনের আহবান জানিয়েছেন। জার্মানীর ১৮তম বুন্ডেস্টাগ (পার্লামেন্ট) নির্বাচনে মার্কেলের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ৪১ দশমিক ৫ শতাংশ ভোট। অপরদিকে সিডিউ’র প্রধান প্রতিদ্বন্দ্বী পিয়ার স্ট্রাইনবুর্কের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটিক (এসডিপি) পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। তবে ক্ষমতাসীনদের অন্যতম শরিক ফ্রি ডেমোক্র্যাটিক দল (এফডিপি) মাত্র ৪ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়ায় পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকছে না। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, বামপন্থী লেফট পার্টি (এলপি) পেয়েছে ৮ দশমিক ৬ শতাংশ ভোট, আর পরিবেশবাদী গ্রীন পার্টি (জিপি) পেয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ। নির্বাচনের আগে প্রচারণা চালিয়ে সাড়া জাগানো অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ৪ দশমিক ৭ শতাংশ ভোট পাওয়ায় তারাও পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারছে না। মার্কেল তার দলীয় কার্যালয়ে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আজ রাতে উত্সব করতে পারি। কারণ আমরা সবকিছুই ভালভাবে করেছি।’ তবে কোন দলের সঙ্গে জোট করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এর উত্তর দেয়ার সময় আসেনি।